বেরোবিতে ব্রুবা-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক ও রক্তদানকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)’-এর উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটি রক্তদান কিংবা সামান্য চিকিৎসাসেবা বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। তাই আমাদের প্রত্যেকের উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।”  উপাচার্য আরও বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা বা ক্লাস-পরীক্ষার নয়, বরং সমাজকল্যাণমূলক কাজেও বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে অনন্য ভূমিকা পালন করছে।"

উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ও ডেন্টাল চেকআপ, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুব্যবস্থা রাখা হয়।