বেরোবিতে ‘ Know Your Employer’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেশন অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ‘ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির বাজার সম্পর্কে ধারণা এবং সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ‘Know Your Employer’ শীর্ষক একটি ক্যারিয়ার বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিজনেস স্টাডিজ অনুষদের সহযোগিতায় এবং  Career Hub, Powered by BRAC -এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।  প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একইসঙ্গে চাকরির বাজারে নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও সক্ষমতা প্রত্যাশা করেন, সে বিষয়েও শিক্ষার্থীদের জানতে হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে এবং নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং পরিবর্তিত চাকরির বাজারের চাহিদার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে উক্ত সেশনে ছাত্র পরামর্শ  ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ট্রেনিং এন্ড কাউন্সেলিং অফিসার মোঃ রাব্বি হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এই ক্যারিয়ার বিষয়ক সেশনে ব্র‍্যাক ও ব্র‍্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।