ওবিই কারিকুলাম উচ্চশিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পদ্ধতি: বেরোবি উপাচার্য
News
February 25, 2026
Details
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বর্তমান সময়ের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি যুগোপযোগী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে বাস্তবমুখী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ওবিই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “OBE Curriculum Development Workshop” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকে থাকতে হলে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই কারিকুলামে অনেক এগিয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের আগামী ব্যাচ থেকেই এই কারিকুলাম পুরোপুরি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। তিনি ওবিই-এর প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এবং কারিকুলাম প্রণয়নে আউটকাম নির্ধারণের কৌশল তুলে ধরেন। কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।
Top BRUR News